কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। ছোট ও মাঝারি গরুর পাশাপাশি এবার হাটে ক্রেতাদের নজর কাড়ছে বিশালাকৃতির দেশি গরু।
রাজধানীর আফতাবনগর সংলগ্ন সানভ্যালি বালুরমাঠে বসা অস্থায়ী পশুর হাটে এমনই দুটি বড় গরু নিয়ে এসেছেন পাবনার ব্যাপারী বাহার আলী। তার দাবি, ব্রাহামা জাতের গরু দুটির মধ্যে একটি থেকে প্রায় ২৫ মণ মাংস হবে। সেই গরুর দাম হাঁকা হচ্ছে ১১ লাখ টাকা। আরেকটি গরুর মাংস হবে ২২ থেকে ২৩ মণ, সেটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা।
হাট ঘুরে দেখা যায়, বাহার আলীর গরু দুটি ঘিরে উৎসুক মানুষের ভিড়। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার দাঁড়িয়ে দাম শুনে বিস্ময় প্রকাশ করছেন। বড় আকৃতির গরু দুটি অনেকেই ঘুরে ঘুরে দেখছিলেন, কেউ দাম জিজ্ঞেস করে সরে যাচ্ছিলেন।
ব্যাপারী বাহার আলী জানান, গরু দুটি তার নিজের গাভির। প্রায় ছয় বছর ধরে পরম যত্নে সেগুলো লালন-পালন করেছেন। গ্রামে প্রতিদিন একটি গরুর খাওয়ার পেছনে এক হাজার টাকা করে খরচ হয়।
তিনি বলেন, খামারের খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবারই বেশি খাওয়ানো হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ ব্যবহার করিনি। অনেক যত্ন করে বড় করেছি।
তিনি আরও বলেন, একটা গরুর মাংস হবে প্রায় ২৫ মণ। এটির দাম ১১ লাখ টাকা চাচ্ছি। আরেকটির মাংস হবে ২২-২৩ মণ, এটার দাম ১০ লাখ টাকা। কেউ যদি দুটি একসঙ্গে নেয়, তাহলে ২০ লাখ টাকার কাছাকাছি দিলেই ছেড়ে দেব।

